একদিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। দিনব্যাপী নানা কর্মব্যস্ততায় কাটাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, নির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার সকালে সড়কপথে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছ- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করবেন তিনি। এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং এর সংলগ্ন সাগরদী এলাকায় আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষভাগে বিকেল নাগাদ বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশাল জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেএস