অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন একাধিক যানবাহনে হামলা এবং এক ফিলিস্তিনির ব্যক্তিগত গাড়ি বলপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও হয়রানিমূলক তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সূত্র জানিয়েছে।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সালফিত ও কালকিলিয়া গভর্নরেটকে সংযুক্তকারী প্রধান সড়ক অবরোধ করে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের চলমান গাড়িগুলোতে অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠিসোটা ও পাথর নিক্ষেপ করে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। তবে সৌভাগ্যবশত তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কালকিলিয়ার পূর্বে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন-নবি ইলিয়াস গ্রামের প্রবেশপথে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ভারী লোহার গেট বন্ধ করে রেখেছে। এর ফলে ফিলিস্তিনি সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, তুবাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের খিরবেত আল-রাস আল-আহমার এলাকায় ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় মানবাধিকারকর্মী আরেফ দারাঘমেহ ওয়াফাকে জানান, একদল সশস্ত্র বসতি স্থাপনকারী সুলেইমান জামিল বানি ওদেহ নামের এক ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক পথিমধ্যে আটকে রাখে। পরে ভয়ভীতি দেখিয়ে তার ব্যক্তিগত গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

অধিকৃত পশ্চিম তীরে এই ধরনের বেআইনি হামলা ও হয়রানির ঘটনা বাড়লেও স্থানীয় ফিলিস্তিনিরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ক্রমবর্ধমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে আসছে।

জেএস