ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, তিন দেশে সতর্কতা ও ব্যাপক প্রস্তুতি

ছবি: সংগৃহীত
শক্তিশালী টাইফুন ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। ঝড়টি এখন তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে এবং এরপর এটি চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনজুতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সংশ্লিষ্ট তিন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জাপানের ওকিনাওয়ার ইশুগাকি দ্বীপে টাইফুনের প্রভাবে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত চলছে। ঝড়ের তাণ্ডবে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে এবং ওকিনাওয়ায় ২৪ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান সংস্থাগুলো ৩৪৫টি ফ্লাইট বাতিল করেছে এবং ইশুগাকিতে সব ধরনের ফেরি ও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার থাকলেও এটি সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
টাইফুনটি সরাসরি তাইওয়ানে আঘাত না হানলেও, প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ বড় ধরনের সতর্কবার্তা জারি করেছে। প্রাণহানি এড়াতে পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার তাইওয়ানের অধিকাংশ শহর ও কাউন্টিতে ছুটি ঘোষণা করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৯২০টি আন্তর্জাতিক ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং হাই-স্পিড রেল পরিষেবার পরিধি সীমিত করা হয়েছে।
টাইফুন বাভি রোববার (১২ জুলাই) ভোরে চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনজুতে আঘাত হানতে পারে। এক কোটি জনসংখ্যার এই শহরে দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ঝড়ের ঝুঁকি এড়াতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (১১ জুলাই) পর্যন্ত ওয়েনঝো ও এর আশপাশের এলাকা থেকে ১৮ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
জেএস

আন্তর্জাতিক ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











