বিরোধী দলীয় এমপিদের বরাদ্দে চরম বৈষম্য: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
সরকারি দলের এমপিদের তুলনায় বিরোধী দলীয় এমপিদের বরাদ্দ অত্যন্ত নগণ্য বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকারি দলের এমপিরা যে বরাদ্দ পান, বিরোধী দলীয় এমপিরা তার তিনভাগের একভাগও পাচ্ছেন না।”
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের পর এবারের বাজেটে রংপুর বিভাগের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার প্রত্যাশা থাকলেও, পরিকল্পিতভাবে বরাদ্দ কমিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের হওয়ায় এই বাজেট বৈষম্য করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলাফলকে ‘শূন্য’ বলে অভিহিত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো প্রতিশ্রুতি মেলেনি। এছাড়া সরকারের বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করে তিনি বলেন, বাজেটে কোনো অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই এবং ব্যাংক খাত বা টাকা পাচার রোধে সরকারের কোনো সুপরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতেও বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, যে গণঅভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে বিএনপি আজ ক্ষমতায় আসতে পেরেছে, এখন তারা সেই গণভোট ও ৩১ দফার সাথে প্রতারণা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দেশ পরিচালনা সঠিকভাবে করতে হয়, তবে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি যখনই দেশে ফেরার চেষ্টা করুন না কেন, জনগণের বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে ভারতের আশ্রয় নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রংপুর বিভাগীয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতারা সংস্কার, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে খুব শিগগিরই নতুন আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন।
জেএস

রংপুর প্রতিনিনিধ
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










