ফরিদপুরে সড়ক দুর্ঘটনারপর তিন বাসে অগ্নিসংযোগ করলো জনতা

ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে অন্তত তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়, যার ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ডিমবাহী একটি ট্রাক সোয়াদী এলাকায় এসে চাকা বিকল হয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। ট্রাকটি উল্টে যাওয়ায় ডিমগুলো সড়কে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা সংগ্রহ করতে সেখানে ভিড় করেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং অন্তত তিনটি বাসে আগুন ধরিয়ে দেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উত্তেজিত জনতা বাসে আগুন দিয়েছে এবং এখন পর্যন্ত অন্তত তিনটি বাসে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা মহাসড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
জেএস

ফরিদপুর প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










