স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, নারীসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত
কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,সাব্বির হোসেন (৩৬) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে। সীমা ইসলাম (২২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে। উর্মি আক্তার ঊষা (১৮) ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী।
যেভাবে চলল অভিযান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেটকারে করে মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে—এমন একটি গোপন সংবাদ পান তারা। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনে নজরদারি শুরু করে।
একপর্যায়ে কক্সবাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার নির্দেশ দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ডিএনসি সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো অবস্থায় সেটিকে আটকে ৩ জনকে গ্রেপ্তার করেন।
ভুয়া পরিচয় ও মাদক উদ্ধার
আটকের পর চালক ও গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেন। তবে তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে তাদের দেওয়া পরিচয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইউ

কক্সবাজার প্রতিনিধি
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










