ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ভূমিসেবা হাতের নাগালে পৌঁছে দিতে কৈচাপুর ইউনিয়ন ভূমি অফিসটি অবশেষে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে।

​হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি-র বিশেষ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

​এর আগে ইউনিয়ন ভূমি অফিসের সেবা নিতে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো। দূরবর্তী স্থান এবং যাতায়াত সমস্যার কারণে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই অপচয় হতো। এখন থেকে একই ছাদের নিচে ইউনিয়ন পরিষদের সেবার পাশাপাশি ভূমিসেবাও মিলবে। ফলে স্থানীয় জনগণের ভোগান্তি যেমন কমবে, তেমনি কাজের ক্ষেত্রে আসবে স্বচ্ছতা ও গতিশীলতা।

​ভূমি অফিসটি ইউনিয়ন পরিষদে স্থানান্তরিত হওয়ায় ৩নং কৈচাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এই যুগান্তকারী পদক্ষেপের জন্য ইউনিয়নবাসী উপজেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, "ইউএনও এবং এসি ল্যান্ড মহোদয়ের এই উদ্যোগের ফলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখন আর ভূমিসেবাল জন্য দূরে দৌড়াদৌড়ি করতে হবে না, ঘরের কাছেই সব কাজ সম্পন্ন করা যাবে।"

​প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতেও জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউ