আগামী দিনের বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ক্ষমতার মোহে বা দলীয় পরিচয়ে কেউ যদি দুর্নীতি, চাঁদাবাজি বা সাধারণ মানুষের ওপর জুলুম চালায়, তবে তার দায় সরকারকে নিতে হবে।
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
নতুন সরকারের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, “আপনি অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে বা আমার নিরপরাধ ভাইদের ওপর নির্যাতন চালায়, তবে এর দায় আপনাকে নিতে হবে।”
পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “অতীতের সরকার পুলিশ বাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। আমরা চাই, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেশাদারিত্ব ও মর্যাদা ফিরিয়ে আনুক। আপনারা যদি দলের আজ্ঞাবহ হয়ে বিবেকের বিসর্জন দেন, তবে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।”
দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, “আমরা কেবল ‘বাংলাদেশপন্থি’ সরকার চাই। সীমান্তে যদি আর একটিও হত্যাকাণ্ড ঘটে, পুশ-ইনের মাধ্যমে যদি রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হয়—তবে আমরা দেখব না কে সরকারে আছে। আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন, আমরা শুধু তাদের সঙ্গেই থাকব।”
কালিহাতীতে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা পরবর্তী এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় এনসিপি নেতারা। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন এবং সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানান।
জেএস