রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সমাজে কোনো বিভাজন নয়, বরং ঐক্য, সহনশীলতা ও পুনরমিলনের সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সময়ের দাবি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সামার কনভেনশন-২০২৬ ও সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “খুলনা বিভাগের আইনজীবীদের সংগঠিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ সংগঠনকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে আইনজীবীদের পেশাগত স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ প্রাধান্য পাবে।”
প্রবীণ ও নবীন আইনজীবীদের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সংগঠনগুলোকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে উভয় প্রজন্মের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হয়। বিচারব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় খুলনাঞ্চলের আইনজীবীরা অতীতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উল্লেখ করে তিনি আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করার তাগিদ দেন।
আইনজীবীদের মূল দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী বলেন, “আইনজীবী সমাজ আইনের শাসন, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। সেই দায়িত্ব পালনে পেশাগত সততা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সিনিয়র অ্যাডভোকেট মো. বদরুদ্দোজা বাদল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ বিশিষ্ট আইনজীবীরা।
জেএস