লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজিদুল ইসলামের চায়ের দোকান থেকে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. জব্বারুল ইসলাম (২০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মো. আল আমিন বাবু (৩২), মো. ফরহাদ হোসেন (২১) এবং মো. আহসানুল হাবিব বিপ্লব (২৪)। তাদের মধ্যে চারজন আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার এবং একজন লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার ওয়েবসাইটে লগইন করে জুয়া খেলছিলেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব সজীব বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আদিতমারী উপজেলায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ইউ