ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডিমভর্তি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি নামক এলাকায় ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান বিকল হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। ওই সময় স্থানীয় কিছু মানুষ পিকআপটি থেকে ডিম সংগ্রহ করছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে খুলনাগামী 'নড়াইল এক্সপ্রেস' নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক নড়াইল এক্সপ্রেস বাসটি আটকে দেয় এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত ৮:০০ টা দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় (ঢাকা-খুলনা মহাসড়ক) ডিমভর্তি পিকআপ ভ্যানকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দিলে এঘটনা ঘটে। আহতদের কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে সেটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
জেএস