বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ তৃতীয় বোর্ড সভা আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশের বাইরে থাকা বেশ কয়েকজন পরিচালক অনলাইনে এই সভায় অংশ নেবেন।

আজকের এই বৈঠকে বেশ কিছু নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা।

সভার মূল এজেন্ডা ও আলোচনার বিষয়বস্তুআজকের সভায় মোট ১৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের কাঁধে সাদা বলের এই সংস্করণের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর মাধ্যমে বিসিবি আবারও তিন সংস্করণে তিন অধিনায়কের নীতি থেকে সরে এসে দুই অধিনায়কের কাঠামোতে ফিরতে পারে।

অন্যান্য ক্রিকেটীয় ও প্রশাসনিক বিষয়: বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়টি আজকের সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের কার্যক্রম এবং আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

পূর্বাচল স্টেডিয়াম ও অন্যান্য: সভার অন্যতম বড় এজেন্ডা হলো পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা। এছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।সবমিলিয়ে, আজকের বোর্ড সভাটি দেশের ক্রিকেটে নেতৃত্ব বদল এবং কাঠামোগত নানা দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

জেএস