সান্তোসের জার্সিতে মাঠে ফিরে জোড়া গোল নেইমারের

ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আশানুরূপ গেমটাইম না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার পর থেকেই তীব্র হতাশা ও সমালোচনার মুখে ছিলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ শেষে ছুটির সময়ে জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’ খেলে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দেন এই তারকা ফরোয়ার্ড। তবে সব সমালোচনার কড়া জবাব দিলেন মাঠের পারফরম্যান্সে। সান্তোসের জার্সিতে মাঠে ফিরে জোড়া গোল করে দলের ড্রয়ে মূখ্য ভূমিকা রাখলেন নেইমার।
ব্রাজিলেইরো সিরি ‘এ’-র ম্যাচে আজ (রোববার) চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। আর এই ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেছেন নেইমার। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো, বিশ্বকাপে মাত্র দুই ম্যাচে বদলি হিসেবে মোটে ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া নেইমার এই ম্যাচে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিটই মাঠে সক্রিয় ছিলেন।
ম্যাচের রোমাঞ্চ ও নেইমারের উদযাপন
খেলার প্রথমার্ধেই দারুণ নৈপুণ্য দেখান এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৬ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সতীর্থের সঙ্গে অসাধারণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর নিখুঁত ও আলতো শটে সান্তোসকে প্রথম গোল এনে দেন নেইমার। গোল করার পর পরই তাকে মাঠে পোকার খেলার জনপ্রিয় ভঙ্গিতে হাত নাড়তে দেখা যায়, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।
এর পর ৫১ ও ৬২ মিনিটে জোড়া গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় সান্তোস। ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে সান্তোস একটি পেনাল্টি পায়। আস্থার প্রতীক নেইমার নিখুঁত স্পটকিকে বল জালে জড়িয়ে দলের হয়ে সমতা ফেরান এবং ২-২ গোলের ড্র নিশ্চিত করেন।
বিশ্বকাপের হতাশা ও পোকার বিতর্ক
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন নেইমার। অনেক নাটকীয়তার পর কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেও ফিটনেস জটিলতার কারণে কোচ তাকে কেবল দুই ম্যাচের শেষদিকে বদলি নামান। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ওই ম্যাচে শেষের দিকে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দল বা ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন এই তারকা। এরপর নিউইয়র্কের পাশাপাশি সম্প্রতি দেশে ফিরে সাও পাওলোতে আরেকটি পোকার টুর্নামেন্টে অংশ নিলে গণমাধ্যম ও ভক্তদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচকদের একহাত নিলেন নেইমার
মাঠের বাইরে এমন তুমুল সমালোচনার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার। কড়া সুরে তিনি বলেন,
“আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে পড়ল যে অনেকেই আমার পোকার খেলা নিয়ে আলোচনা করছে। আমি সকালে কাজ করেছি, খেলায় যাইনি, বরং অনুশীলনে ফিরে এসেছি। আমার তখন ছুটি ছিল। যা-ই হোক, ওরা তো কথা বলেই যাবে। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।”
পোকার নিয়ে যত বিতর্কই হোক না কেন, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলে জোড়া গোল করে নেইমার প্রমাণ করলেন যে—মাঠের খেলায় তিনি এখনো কতটা প্রাণবন্ত ও ফুরফুরে।
জেএস

Sports Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










