অস্ট্রেলিয়া টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির, নেতৃত্বে শান্ত

ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড় ছিটকে গেলেও পেস আক্রমণে শক্তি কমায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ ২৩ বছর পর আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই টেস্ট দল ঘোষণা করা হয়।
স্কোয়াডের পেস আক্রমণে পাঁচ পেসার
দলের অন্যতম দ্রুতগতির পেসার নাহিদ রানা সাইড স্ট্রেইনে (গ্রেড-টু চোট) আক্রান্ত হয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম টেস্টে পাওয়া যাবে না শরিফুল ইসলামকে এবং কাফের চোটের কারণে স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটার-উইকেটরক্ষক লিটন দাস। তবে শরিফুল ও লিটন দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে।
নাহিদ ও শরিফুলের অনুপস্থিতিতে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার বড় দায়িত্ব থাকবে অভিজ্ঞ তাসকিন আহমেদের কাঁধে। ১৫ সদস্যের দলে তাসকিনের সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান এবং জরুরি ডাকে ইতালি থেকে দেশে ফেরা এবাদত হোসেন চৌধুরীকে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে ইতালিতে অবস্থান করছিলেন পেসার এবাদত। তবে দলের পেসারদের একের পর এক ইনজুরির কারণে তাকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দেয় বিসিবি। দেশে ফিরে ভিসার আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ব্যাটিং ও স্পিন বিভাগ
ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও অমিত হাসান। বিশেষজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।
স্পিন আক্রমণে দলের প্রধান ভরসা অভিজ্ঞ তাইজুল ইসলাম। তার সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অস্ট্রেলিয়া সফর ও ম্যাচসূচি
২০০৩ সালের পর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।
প্রথম টেস্ট: ১৩-১৭ আগস্ট, মারারা স্টেডিয়াম, ডারউইন।
দ্বিতীয় টেস্ট: ২২-২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকাই।
দুটি ম্যাচই পাঁচ দিনের টেস্ট ম্যাচ হিসেবে মাঠে গড়াবে।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.










