২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে পড়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়ার বর্ণবাদী মন্তব্যের জেরে পাল্টাপাল্টি কথার লড়াই এখন আইনি জটিলতার দিকে মোড় নিয়েছে। সেনেটর আমারিয়া এমবাপ্পের বিরুদ্ধে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে মামলার হুমকি দিয়েছেন।

ঘটনার শুরুটা হয়েছিল সেনেটর সেলেস্তে আমারিয়ার একটি বর্ণবাদী মন্তব্যের মাধ্যমে। তিনি এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে সম্বোধন করেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এমবাপ্পে আমারিয়াকে ‘ঘৃণ্য নারী’ এবং ‘জনপ্রতিনিধি হওয়ার অযোগ্য’ বলে পাল্টা আক্রমণ করেন। মূলত এই মন্তব্যকে কেন্দ্র করেই সেনেটর আমারিয়া এমবাপ্পের ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন।

নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডলে সেনেটর আমারিয়া লিখেছেন, “আমাকে ‘ঘৃণ্য’ এবং ‘অযোগ্য’ নারী বলার সাহস আপনি পেলেন কোথায়? এটি সরাসরি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং রাজনৈতিক সহিংসতা। আপনি আমাকে অবজ্ঞা করেছেন কারণ আমি একজন নারী।”

তিনি আরও বলেন, এমবাপ্পেকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি আন্তর্জাতিক পরিসরে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার অভিযোগে আইনি ব্যবস্থা নেবেন। আমারিয়া দাবি করেন, তার এই বিরোধ এমবাপ্পের ব্যক্তিগত আচরণের সঙ্গে, পুরো ফ্রান্সের সঙ্গে নয়। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের সময় এমবাপ্পে ও তার সতীর্থদের উদ্ধত আচরণ এবং প্রতিপক্ষ গোলরক্ষককে অবজ্ঞা করার অভিযোগও তুলেছেন এই সেনেটর।

মাঠের বাইরের এসব বিতর্ক ছাপিয়ে এমবাপ্পে এখন দারুণ ছন্দে রয়েছেন। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে তিনি এখন ৮ গোল নিয়ে থাকা লিওনেল মেসির ঠিক পরেই ৭ গোল নিয়ে অবস্থান করছেন। তার সঙ্গে সমান ৭ গোল নিয়ে পাল্লা দিচ্ছেন নরওয়ের আর্লিং হলান্ডও। প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৯-এ উন্নীত করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে একজন জনপ্রিয় খেলোয়াড় ও রাজনৈতিক ব্যক্তিত্বের এমন ব্যক্তিগত দ্বন্দ্ব ও আইনি লড়াইয়ের হুমকি বিশ্ব ফুটবলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে এমবাপ্পে এই চাপ কতটা সামলাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

জেএস