সার্কিট হাউসের ভেতরে নিয়ে হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে গাড়ি প্রবেশ করিয়ে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সার্কিট হাউসের ভেতরে সন্ত্রাসী হামলা
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব উপস্থিতি ও তাদের চোখের সামনেই এই হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি পোস্টে উল্লেখ করেন, "এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর এমন ন্যাক্করজনক কাণ্ড ঘটানো হয়েছে।"
ভাঙচুর ও লুটপাট
নাহিদ ইসলাম আরও জানান, হামলাকারীরা কেবল গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি; বরং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকালেও হবিগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে এই হামলার ঘটনা ঘটে, যাতে দলটির অন্যতম নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন।
জেএস











