পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে: রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রহরী হিসেবে উল্লেখ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং পরাজিত শক্তিরা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেক রক্ত, আন্দোলন ও ত্যাগের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। বর্তমানে এই সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে এবং পরাজিত শক্তিরা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সামনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'রথযাত্রা' উপলক্ষে কোনো ধরনের উসকানির ফাঁদে না পড়তে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন রিজভী। তিনি জানান, রথযাত্রা যেন সুচারুভাবে সম্পন্ন হয়, সেজন্য দলের চেয়ারম্যান নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সব ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ এবং কোনো অপশক্তি এই সম্প্রীতি ভাঙতে পারবে না।
সংবাদ সম্মেলনে রিজভী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করেন। সাধারণ মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ডের মতো কর্মসূচির কথা উল্লেখ করার পাশাপাশি নদী সজীব রাখতে ও সেচ সুবিধা বাড়াতে 'খাল কাটা' কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে উন্নয়নের গতিশীলতা বজায় থাকে।
এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেওয়া 'স্কুল ফিডিং' কর্মসূচিকে একটি মহৎ উদ্যোগ হিসেবে অভিহিত করে রিজভী জানান, প্রায় ১৫০টি উপজেলায় ৩০ লক্ষ শিক্ষার্থী এর আওতায় টিফিন পাচ্ছে। তবে সম্প্রতি কিছু এলাকায় এই খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দায়ী কর্মকর্তাদের দ্রুত জবাবদিহি ও কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউ

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











