অবশেষে থামল মরক্কোর সেই অবিশ্বাস্যভাবে অপরাজিত থাকার মহাকাব্যিক যাত্রা। টানা ৩৪ ম্যাচ ধরে পরাজয়ের মুখ না দেখা আফ্রিকান পরাশক্তিদের হারের স্বাদ দিল দিদিয়ের দেশামের ফ্রান্স। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের দল।

ম্যাচের প্রথমার্ধ ছিল চরম উত্তেজনার। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর অসাধারণ দৃঢ়তায় ফ্রান্স একটি পেনাল্টি মিস করলে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। ফরাসিদের আক্রমণের ধার আর সামলাতে পারেনি 'অ্যাটলাস লায়ন্স' খ্যাত মরক্কো।

ম্যাচের ডেডলক ভাঙেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎগতির এক মাঝারি দূরত্বের শটে মরক্কোর রক্ষণভাগকে পরাস্ত করে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন তিনি। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ফরাসিরা।

কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এমবাপ্পের চমৎকার এক পাস থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পান দেম্বেলে। তার নেওয়া শটটি খুব একটা জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে জালে জড়িয়ে যায়।

২-০ ব্যবধানের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ফ্রান্স। অন্যদিকে, এই পরাজয়ের মধ্য দিয়ে মরক্কোর দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজেয় রেকর্ডটির অবসান ঘটল। বিশ্বকাপের মঞ্চে রূপকথা লেখার স্বপ্ন নিয়ে আসলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ ফ্রান্সের কাছে হার মেনে বিদায় নিতে হলো মরক্কোকে।

জেএস