কাউন্সিলর একরামুল হত্যা মামলাসেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭ এর অধিনায়ক এবং বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিনগত রাতে সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সেনাসূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গ্রেপ্তারের পূর্বে তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার নেপথ্য ও অভিযুক্ত যারা
২০১৮ সালের আলোচিত এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আটককৃতদের আদালতে হাজিরের নির্দেশ দেন।
অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও তৎকালীন র্যাব প্রধান বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ।
অন্যান্য সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তা।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলী এলাকার হোটেল নেটং-এর সামনে থেকে কাউন্সিলর একরামুল হককে অপহরণ করা হয়। এরপর গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র্যাবের কথিত 'বন্দুকযুদ্ধে' ৪৬ বছর বয়সি একরামুল নিহত হন। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
এই হত্যাকাণ্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ড পরবর্তীতে প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বিচারবহির্ভূত এই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তৎকালীন র্যাব প্রধান বেনজীর আহমেদ ও কক্সবাজারের র্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদসহ র্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










