রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, সংবিধানে সে সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন–সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির স্বাস্থ্য, বিদেশ সফর এবং পদত্যাগের গুঞ্জন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিকিৎসা নিতে উনি কিছু দিন আগে বিদেশ গিয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যেতেই পারেন। শেখ হাসিনার সঙ্গে উনার কথা হয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এইটুকু নিয়ম আছে। এর বাইরে কিছু জানি না।’
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে কোনো আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘পরেরটা পরে দেখা যাবে।’

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.












