নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম‘ভাইস অ্যাডমিরাল’ র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ‘ভাইস অ্যাডমিরাল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান যৌথভাবে নবনিযুক্ত নৌপ্রধানকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আগামী ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
র্যাংক ব্যাজ পরানোর এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নতুন নৌপ্রধানের সংক্ষিপ্ত পরিচিতি
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচালক পদসহ বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্ব করেছেন।
এছাড়া তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নৌপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। দেশে-বিদেশে উচ্চতর শিক্ষার পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.











