সাংবাদিকতায় শৃঙ্খলা ফেরাতে বার কাউন্সিলের আদলে নিবন্ধনের উদ্যোগ সরকারের

ছবি: সংগৃহীত
সাংবাদিকতার মানোন্নয়ন, অপেশাদারিত্ব রোধ এবং গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "মোবাইল জার্নালিজমের নামে কোনো ধরনের অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
তথ্যমন্ত্রী জানান, ১৯৭৪ সালের বিদ্যমান প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে একে আরও শক্তিশালী করার লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন এই সংশোধনীতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে:
সাংবাদিকদের নিবন্ধন: আইনজীবীদের বার কাউন্সিলের মতো সাংবাদিকদের জন্য একটি কেন্দ্রীয় নিবন্ধন ব্যবস্থা চালু করা।
শিক্ষাগত যোগ্যতা: পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ।
আর্থিক জরিমানা: মিথ্যা, হয়রানিমূলক এবং নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের দায়ে আর্থিক জরিমানার বিধান যুক্ত করা।
নবম সংবাদপত্র মজুরি বোর্ড ও আইনি জটিলতা
চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ ইতিমধ্যে বাসস-এ কার্যকর করা হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের মধ্যে আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য থাকায় এই মজুরি বোর্ডটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের এই উদ্যোগ সাংবাদিক মহলে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে এবং অপপ্রচারের লাগাম টানতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.









