আ. লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে খুব শীঘ্রই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আইনের শাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিচার সম্পন্ন হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে এখনো পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশের বর্তমান স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার বিষয়টি প্রক্রিয়াধীন এবং দ্রুতই তা নিশ্চিত করা হবে।’
ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনা বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তবে জুলাই চেতনা নিয়ে ব্যবসা করা কোনোভাবেই কাম্য নয়। মনে রাখতে হবে, কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।’
সবশেষে তিনি বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিল, তা পূরণে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.





