লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহতফিলিস্তিনে ১২৩ একর জমি দখল ও নতুন আউটপোস্ট স্থাপন

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সামরিক সড়ক নির্মাণের জন্য প্রায় ১২৩ একর জমি জবরদখল করেছে ইসরায়েল। পাশাপাশি নাবলুস এলাকায় একের পর এক অবৈধ আউটপোস্ট স্থাপন করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
সোমবার (২৭ জুলাই) ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, তুবাস প্রদেশ ও তাইয়াসির গ্রামের প্রায় ১২৩ একর জমি সামরিক সড়ক নির্মাণের জন্য জব্দ করা হয়েছে। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি মূলত ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে এবং এর ফলে ফিলিস্তিনিরা তাদের নিজস্ব জমিতে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, গত শুক্রবার নাবলুসের কাছে তেল শহরে হামলার পর থেকে সেখানে আটটি নতুন অবৈধ বসতি আউটপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেইর ইস্তিয়া এবং দেইর বাল্লুত গ্রামের কাছে আরও দুটি নতুন আউটপোস্ট নির্মাণ করা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এই বসতি স্থাপন কার্যক্রম সম্পূর্ণ অবৈধ।
এদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের আলি আল-তাহের পাহাড়সংলগ্ন এলাকায় সোমবার ভোর থেকে ফের গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এখন পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও দমন-পীড়নের প্রতিবাদে শনিবার তেল আবিবের কাপলান স্ট্রিটে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বামপন্থি হাদাশ (Hadash) পার্টি এবং তাদের মিত্র সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানের অবিলম্বে অবসানের দাবি জানানো হয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও সেটলারদের হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৪ হাজার মানুষ আটক হয়েছেন। অন্যদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩১৭ জনে।
জেএস

international desk
© 2026 Daily Destiny. All rights reserved.










