চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে চালানো এক বর্বরোচিত ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী ও তাঁর তিন কন্যাসন্তান নিহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ও আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, মঙ্গলবার ভোরে গাজা সিটির দক্ষিণাঞ্চলের আল থালাথিনি স্ট্রিটে একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সূত্রের বরাতে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তির সময় গাজার ৫৩ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকলেও, বর্তমানে তা বাড়িয়ে উপত্যকার ৭০ শতাংশের বেশি অংশ দখল করে রেখেছে তাদের বাহিনী।

গাজায় হতাহতের ভয়াবহ চিত্র

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,

যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এ পর্যন্ত নতুন করে অন্তত ১ হাজার ১৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বাত্মক ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ২৫০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জেএস