বিকেলে পর্দা নামছে ‘নতুন কুঁড়ি’প্রথম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুরে দিবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলা খুদে অ্যাথলেটদের মেগা আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের আজ পর্দা নামছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এর জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজ বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্থ উপভোগ করবেন। ফুটবল ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে বালক ও বালিকা উভয় বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের চূড়ান্ত লড়াই।
খেলাধুলা শেষে প্রতিযোগিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সঙের সঙ্গে শিশু শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপভোগ করবেন আমন্ত্রিত অতিথিরা। এরপর প্রধান অতিথির দিকনির্দেশনামূলক ভাষণ শেষে সফল অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের সঙ্গে অফিশিয়াল ফটো-সেশনে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেটের জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। দেশের সব উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস—এই আটটি ডিসিপ্লিনে এতে অংশ নেয়।
আঞ্চলিক পর্বের বাধা পেরিয়ে গত ২০ জুলাই থেকে ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হয় জাতীয় পর্ব, যেখানে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিভাবান ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা সেরা খেলোয়াড়দের ইতোমধ্যে একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাই করা এসব খুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
ডিজিটাল গ্যাজেট ও স্ক্রিনের আসক্তি থেকে কোমলমতি শিশুদের দূরে সরিয়ে মাঠমুখী করে তোলার লক্ষ্য নিয়েই এই মেগা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেএস

Destiny Reporter
© 2026 Daily Destiny. All rights reserved.










