পারিবারিক গল্পের নাটকের জন্য বেশ সুনাম অর্জন করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। গেল ঈদে তার নির্মিত প্রায় সবগুলো নাটকই ছিল পারিবারিক গল্পের। ঈদের রেশ না কাটতেই তার আরও একটি নাটক দর্শকের হৃদয়ে দাগ কেটেছে।

সোশ্যাল মিডিয়ায় রিংকুর নির্মিত ও ইয়াশ রোহান এবং তটিনী অভিনীত  ‘ভালোবাসার গল্প’ নাটকটি প্রশংসা কুড়াচ্ছে।

দুই বন্ধু, তাদের সন্তান, সুখ-দুঃখ, খুনসুঁটি, টানাপড়েন- মোটা দাগে পরিচিত ঘটনাবলীর মধ্য দিয়ে এগিয়ে গেছে এ নাটকের গল্প। বিশ্বকাপ ফুটবলের মৌসুমে যখন সবাই খেলা দেখা নিয়ে ব্যস্ত, সেই সময়েও এই নাটকে দর্শকের সাড়া বিস্ময়কর।

চারদিনে ৯৪ লক্ষ ভিউ অতিক্রম অচিরেই কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করতে যাচ্ছে ‘ভালোবাসার গল্প’। কী আছে সিএমভি প্রযোজিত এই নাটকে?

এ ব্যাপারে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‌‌ ‘‘শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা, সীমাবদ্ধতা সবই তুলে ধরা হয়েছে এই নাটকে। ঘটনা প্রবাহ ধীরে ধীরে জটিলতার দিকে মোড় নেয়, একই সঙ্গে দর্শককে শেষ পর্যন্ত নাটকটি দেখতে উৎসাহিত করে- এমনভাবে গল্পটি বলতে চেয়েছি, সত্যি বলতে দারুণ সাড়াও পেয়েছি।’’

নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘‘খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির নাটকটি দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে, তারা ইতিবাচক সাড়া দিচ্ছেন- সবমিলিয়ে বিষয়টি আমাদের অনুপ্রাণিত করেছে।’’

ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে 'ভালোবাসার গল্প'তে ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি ‌অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ। রবিউল ইসলাম জীবনের কথায় এতে ব্যবহার করা হয়েছে একটি গান। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।