চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

ছবি: সংগৃহীত
টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের বাইরের অন্যান্য জেলায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে।
তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের আওতাধীন পাঁচ জেলায় আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য স্থানে এই পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবারও পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এছাড়া রাজধানীসহ সারা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা স্থগিত বা নেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে।
উল্লেখ্য যে, রোববার এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষা ছিল না। চট্টগ্রাম বিভাগে বন্যার তীব্রতা বিবেচনায় ওই অঞ্চলের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কেবল সেই নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষাগুলো স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেএস

Destiny Desk
© 2026 Daily Destiny. All rights reserved.











