প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সারা দেশে মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩২,৯৬৫ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৬,২৮১ জন। বরাবরের মতোই এবারও বৃত্তির ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে। মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪.৭১%) এবং ছাত্র ৩৫,৮৯২ জন (৪৫.২৯%)।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী: ৭৯,২৪৬ জন। ট্যালেন্টপুল বৃত্তি: ৩২,৯৬৫ জন (সরকারি বিদ্যালয়: ২৬,৩৭৫ জন, বেসরকারি: ৬,৫৯০ জন), সাধারণ বৃত্তি: ৪৬,২৮১ জন (সরকারি বিদ্যালয়: ৩৬,৪২০ জন, বেসরকারি: ৯,৮৬১ জন) অংশগ্রহণকারী বিদ্যালয়: ৭৮,৮১০টি (সরকারি: ৬৫,৬০৫টি, বেসরকারি: ১৩,২০৫টি)

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী এবার দেশব্যাপী মোট ৮২,৫০০টি বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তবে শেষ পর্যন্ত ৭৯,২৪৬ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০% এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০% কোটা নির্ধারিত ছিল। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা ভিত্তিক কোটা বজায় রাখা হয়েছে।

এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ৬,৪৫,০৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় উপস্থিত ছিল ৪,১৯,৯৮২ জন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যেও ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো—৬০.৩২ শতাংশ (২,৫৩,৩৪১ জন) ছাত্রীর বিপরীতে ছাত্র ছিল ৩৯.৬৮ শতাংশ (১,৬৬,৬৪১ জন)।

বিদ্যালয় ভিত্তিক উপস্থিতির হারে সরকারি স্কুলের চেয়ে বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে ছিল। সরকারি বিদ্যালয়ের ৬২.০১% শিক্ষার্থী পরীক্ষায় বসলেও বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে এই হার ছিল ৮৪.১৬%।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (মিরপুর) সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ওয়েবসাইটে বৃত্তির ফলাফল আপলোড করার কাজ শুরু হয়ে গেছে। পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল নম্বর দিয়ে সম্পূর্ণ ফলাফল দেখতে পারবেন।

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ২০২৬ সালের এপ্রিল মাসে এই 'প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫' অনুষ্ঠিত হয়েছিল।

ইউ