সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনকালে বরখাস্ত তিন

ছবি: ডেসটিনি প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নাইট গার্ডকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ছুটি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. তন্নিকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে চুরির ঘটনায় অভিযুক্ত এক নাইট গার্ডের বিরুদ্ধেও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে দুপুর ১২টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের রান্নাঘর, ওয়াশরুম, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়। এরপর তিনি সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম হাবিব, জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্যসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও অপর্যাপ্ত। তাঁর দাবি, গত ১৭ বছরে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, সাতক্ষীরার চিকিৎসাসেবা মোটামুটি সন্তোষজনক হলেও দায়িত্বে অবহেলার অভিযোগে একজন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং এক নাইট গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে উপজেলা হাসপাতালেও ডায়ালাইসিস সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রকে আরও কার্যকর করার পাশাপাশি শিগগিরই স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ই-হেলথ কার্ড চালু করা হবে বলেও জানান তিনি।
ইউ

সাতক্ষীরা প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









