খানাখন্দে নষ্ট মানিকনগর-সিরাজপুর সড়ক

ছবি: ডেসটিনি প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর-সিরাজপুর ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষ। বাড়ছে দুর্ঘটনাও।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে ভাঙা অংশে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কার করায় তা বেশিদিন টেকেনি। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও বেহাল হয়ে পড়ে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে কাদায় একাকার হয়ে যায়। এতে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, সিংগাইর-মানিকনগর-সিরাজপুর হাট সড়কের প্রায় ২০ কিলোমিটারের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে মানিকনগর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার উন্নয়নকাজ করা হলেও মানিকনগর থেকে সিরাজপুর বাজার পর্যন্ত অংশটি অসম্পূর্ণ রয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দক্ষিণাঞ্চলের হাজারো মানুষের দুর্ভোগ বেড়েছে।
সরেজমিনে আইনজীবী সাইফুল ইসলাম বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মোটরসাইকেল চালিয়ে আসতে গিয়ে জামাকাপড় ভিজে গেছে। দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
চান্দহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারিকুর রহমান আলাল বলেন, অতিবৃষ্টি এবং ইটভাটার মাটি ও ইট বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান জানায়, ভাঙাচোরা রাস্তার কারণে সময়মতো বিদ্যালয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
অটোরিকশাচালক আবু বক্কর, আমির হোসেন ও নায়েব আলী বলেন, ভাঙা রাস্তায় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যা আয় করি, তার বড় অংশই মেরামতে খরচ হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানী বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ইউ

হাবিবুর রহমান, সিংগাইর মানিকগঞ্জ
© 2026 Daily Destiny. All rights reserved.









