মহেশপুরে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ: বিজিবির প্রেস ব্রিফিংয়ে তীব্র প্রতিবাদ

কর্তব্যরত বিজিবি টহল দলের নজরে আসলে তারা তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন ছবি: ডেসটিনি প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের (ঠেলে পাঠানো) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ২৫ জুলাই ২০২৬, শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গতকাল ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের জোয়ানরা ওই ৬ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।
বিষয়টি সামন্তা বিওপির ৫৫/এমপি সীমান্ত সংলগ্ন এলাকায় কর্তব্যরত বিজিবি টহল দলের নজরে আসলে তারা তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির এই কঠোর ও অনড় অবস্থানের মুখে বিএসএফের পুশ-ইনের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয় এবং অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, বিএসএফের এই অবৈধ ও একতরফা পুশ-ইনের চেষ্টার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
ইউ

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.









