ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে সুজয় সাহা চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সকালে ইসলামপুর এলাকায় মহাসড়কের ওপর একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। ফলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল গতি কমিয়ে দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীন পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে চারটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। স্বজনদের অভিযোগ ও আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউ