শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টেরাঙামাটি কাপ্তাইয়ে চ্যাম্পিয়ন জায়েন্ট অব পাহাড়তলী একাদশ

ছবি: ডেসটিনি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে চট্টগ্রামের রাউজান উপজেলার।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ম্যাচটি ৬ ওভার করে আয়োজনের সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাউজান রাবার বাগান একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ মাত্র ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল ও মো. ইউসুফ আলী।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। ধারাভাষ্য প্রদান করেন ওসমান গনি তনু।
উল্লেখ্য, এবারের শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
ইউ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.












