দীর্ঘ ১৪ বছরেও সংস্কার করা হয়নি ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামারবাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এমনকি সড়কের জমে থাকা পানি আশপাশের বসতবাড়িতেও ঢুকে পড়ছে।

সোমবার (২০ জুলাই) দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিকেলে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে সড়কে কচুগাছ রোপণ করেন। এ সময় তারা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার। বক্তারা বলেন, বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অবিলম্বে সড়কটি সংস্কার ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয়দের ভাষ্য, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। অথচ জনগুরুত্বপূর্ণ এ সড়কটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও আর কোনো উন্নয়ন কাজ হয়নি।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন, “ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। প্রকল্পের অর্থ এসআইবিএল ব্যাংকে জমা রয়েছে। তবে ব্যাংক থেকে অর্থ ছাড় না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কাজ শুরু করতে পারেনি। প্রকল্পটি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত কাজ শুরুর জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে।”

ইউ