বাড়ির প্রবেশপথ বন্ধের অভিযোগহালুয়াঘাটে কলেজ শিক্ষকের অবরুদ্ধ পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ছবি : ডেসটিনি প্রতিবেদক
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক কলেজ শিক্ষকের বাড়ির একমাত্র যাতায়াতের সড়ক বালু ফেলে এবং রাজনৈতিক দলের ব্যানারসংবলিত সাইনবোর্ড টাঙিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকদিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে দাবি করেছেন ধারা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহানাজ বেগম।
মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা নূর মো. উজ্জ্বল ও তার সহযোগীরা গত ১৪ জুলাই গভীর রাতে বেআইনিভাবে তার বাড়ির সংযোগ সড়কে প্রবেশ করে রাজনৈতিক দলের ব্যানারসংবলিত একটি সাইনবোর্ড স্থাপন করেন। একই সঙ্গে চলাচলের পথ বন্ধ করতে রাস্তার মাঝখানে বালুর স্তূপ ফেলে রাখা হয়।
শাহানাজ বেগম বলেন, ঘটনাস্থলটি একটি আবাসিক এলাকা। সেখানে কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই। তবুও রাজনৈতিক ব্যানার টাঙিয়ে এবং রাস্তা দখল করে তাদের পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সড়ক বন্ধ হয়ে যাওয়ায় তিনি ও তার পরিবারের সদস্যরা বাসা থেকে বের হতে পারছেন না। এতে তারা চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী হিসেবে এমন পরিস্থিতি তার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে তিনটি দাবি জানায়। দাবিগুলো হলো—ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, রাস্তার ওপর রাখা বালুর স্তূপ ও সাইনবোর্ড অপসারণ করে চলাচল স্বাভাবিক করা এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন শাহানাজ বেগম।
ইউ

ফারুক হোসেন, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.












