গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের চার দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের দাবি থেকে আমাদের সরানোর জন্য অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারব না। নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানেরা লড়াই করেছিল, সেই লক্ষ্য অর্জনেই গণভোট হয়েছে। আমরা জাতির কাছে ওয়াদা করেছি, গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী ভোটের আগে দুটি ভোটের কথা বললেও শেষ পর্যন্ত গণভোটের প্রতিশ্রুতি রক্ষা করেননি।
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সরকার ক্ষমতায় আসার আগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করলেও, এবারের বাজেটে তিস্তা প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখেনি। তিনি কথার ফুলঝুরি না শুনিয়ে দ্রুত বাস্তব পদক্ষেপ দাবি করেন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সীমান্তে উত্তেজনার বিষয়ে সরকার রহস্যজনকভাবে নীরব। তিনি প্রশ্ন রাখেন, সরকার কাদের খুশি করতে নীরব ভূমিকা পালন করছে? সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণও প্রতিরোধের লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সংগ্রামী দেশবাসীকে অভিনন্দন জানান।
সমাবেশে জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বর্তমান সরকার দাবি পূরণে ব্যর্থ হয়, তবে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করবে এবং সেই দাবিগুলো বাস্তবায়ন করবে।
রংপুর বিভাগীয় এই সমাবেশে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশটি ঘিরে রংপুর জিলা স্কুল মাঠে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জেএস

রংপুর প্রতিনিধি
© 2026 Daily Destiny. All rights reserved.










