মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে অগ্রসর হতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তর থেকে হাজারো শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে যাত্রা শুরু করেন। তবে রাইসিনা রোডে আগে থেকেই বহুস্তরের নিরাপত্তা ব্যারিকেড স্থাপন করে তাদের পথরোধ করে দিল্লি পুলিশ।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
আন্দোলনের পেছনে অন্যতম কারণ অধিকারকর্মী সোনম ওয়াংচুককে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা। দীর্ঘদিন ধরে অনশনরত ওয়াংচুককে গত ১৮ জুলাই আটক করে হাসপাতালে নেওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এরপরই পার্লামেন্ট অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে মধ্য দিল্লির কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে লাঠিচার্জের খবর ছড়িয়ে পড়েছে, দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সহিংসতার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই এমন বিক্ষোভে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: দ্য প্রিন্টি
ইউ