দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোকে মানুষের প্রধান ভরসাস্থলে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে ছুটতে না হয়—এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এটিই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
বৈঠকে দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিয়ে জনঅসন্তোষ, চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রোগীদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে। দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে, যাতে মানুষ সরকারি হাসপাতালেই আস্থা খুঁজে পায় এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়।
কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিটগুলো ধাপে ধাপে ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। এ লক্ষ্যে দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। অবকাঠামো সম্প্রসারণ, জনবল নিয়োগ এবং নতুন নকশা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
ইউ