রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সোমবার (২০ জুলাই) দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা প্রয়োজন ছাড়া নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয়দের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।
ইউ