জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক সোয়া তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা অল্প সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিক তথ্যানুযায়ী, কার্যালয়ের একটি কক্ষে থাকা এসি (এয়ার কন্ডিশনার) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অগ্নিকাণ্ডের পুরো বিষয়টি শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তদন্ত কমিটি গঠন
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
জেএস