শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সামরিক কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতায় রূপান্তরের প্রক্রিয়ার প্রধান কারিগর ছিলেন মরহুম মশিয়ূর রহমান (যাদু মিয়া)। মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি আয়োজিত তাঁর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার রাজনৈতিক দূরদর্শিতার ফলেই জিয়াউর রহমান রাজনৈতিক নেতৃত্বে আসতে পেরেছিলেন। একজন সামরিক কর্মকর্তাকে রাজনৈতিক নেতায় রূপান্তরের সেই কঠিন দায়িত্ব তিনি সফলভাবে পালন করেছিলেন। এর ধারাবাহিকতায়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
পটপরিবর্তনের পর দেশে তৈরি হওয়া গভীর রাজনৈতিক শূন্যতার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় প্রায় সব রাজনৈতিক ধারাই দিকনির্দেশনাহীন অবস্থায় ছিল। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের রাজনৈতিক গতিপথ নির্ধারণে যাদু মিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৎকালীন অনেক নেতা স্বৈরশাসনের সমালোচনা করলেও ভবিষ্যৎ রাষ্ট্র ও রাজনীতির রূপরেখা নিয়ে তাঁর মতো দূরদর্শিতা অন্যদের মধ্যে দেখা যায়নি।
জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপির প্রতিষ্ঠার পেছনে যাদু মিয়ার অমূল্য অবদান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর রাজনৈতিক কৃতিত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটির আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান এবং ছড়াকার আবু সালেহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেএস