দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের চা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি শিল্পের বিদ্যমান সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন।
বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ শিল্পের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে চা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কয়েকটি দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন তারা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।
এছাড়া চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং চা বাগানের চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও সরকার সহায়তা করবে বলে জানান উপ-প্রেস সচিব।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।