বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর কঠোর সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেছেন তিনি।

ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস এই বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী তেবাস জানান, বিশ্বকাপে দল বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে, এই ধরনের সিদ্ধান্ত বিশ্ব ফুটবল তো বটেই, বরং পুরো ফুটবল শিল্পের জন্যই ক্ষতিকর।

জাতীয় লিগের সুরক্ষা: তেবাস বলেন, কেবল ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য পুরো ফুটবল শিল্পকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী জাতীয় লিগগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি, জাতীয় দলের সংখ্যা বাড়িয়ে টুর্নামেন্ট দীর্ঘ করা নয়।

ফিফা নির্বাচন নিয়ে প্রশ্ন: আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফ্যান্তিনোর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তেবাস মনে করেন, "তার সময় শেষ হয়ে গেছে এবং তার পদত্যাগ করা উচিত।"

যদিও তিনি স্বীকার করেছেন, বর্তমান ব্যবস্থায় বিভিন্ন ফেডারেশনের জোরালো সমর্থন থাকায় ইনফ্যান্তিনোকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এবং পুরো ফিফা ব্যবস্থার মধ্যেই গলদ রয়েছে।

মার্কিন সরকার ও ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ

চলমান মার্কিন বিশ্বকাপ প্রসঙ্গে ফিফার বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন লা লিগা সভাপতি।

বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার: বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকার সরাসরি হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ করেন তিনি। বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেওয়ায় বিষয়টি চাপা পড়ে গেছে বলে মন্তব্য করেন তেবাস।

বিজ্ঞাপনের নামে হাইড্রেশন ব্রেক: যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলো শীতাতপ নিয়ন্ত্রিত থাকার পরও বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ দেওয়ার সমালোচনা করে তিনি একে বিজ্ঞাপনের অতিরিক্ত বিরতি বলে অভিহিত করেন।

২০২৬ সালে প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও, ২০৩০ সালের স্পেন-পর্তুগাল-মরক্কো যৌথ বিশ্বকাপে দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার গুঞ্জন রয়েছে। তেবাসের এই হুশিয়ারি ও কড়া সমালোচনার পর ফিফার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফুটবলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জেএস