‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’/সেমিফাইনাল ঘিরে হুংকার ইংলিশ কিংবদন্তিদের

ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই মহারণ ঘিরে ফুটবল বিশ্বে উত্তাপ বাড়ছে। এরই মধ্যে ইংল্যান্ডের সাবেক তারকা জো কোলের এক মন্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ দেওয়ার হুংকার দিয়েছেন এই সাবেক চেলসি মিডফিল্ডার।
‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’: জো কোল
নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে গ্যারি লিনেকার ও অ্যালান শিয়ারারদের সামনে মেসিকে থামানোর কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে কোল বলেন, ‘তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, শতভাগ।’ কোলের এই মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে সতর্ক করে বলেন, সেমিফাইনালে মেসি যদি জ্বলে ওঠেন, তবে এই মন্তব্যই তার জন্য অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু কোল তাতে থমকে না গিয়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, ইংল্যান্ডই ফাইনালে উঠবে।
এর আগে বিভিন্ন সময়ে মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে প্রশংসা করে আসা কোলের এই মন্তব্য কিছুটা বিস্ময় জাগিয়েছে ফুটবলপ্রেমীদের মনে। তবে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে ইংল্যান্ডের গতিই মূল অস্ত্র হবে বলে মনে করেন আরেক সাবেক ইংলিশ ডিফেন্ডার মিকা রিচার্ডস।
তিনি বলেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়রা চতুর এবং বড় ম্যাচ জেতায় দক্ষ। তবে আমাদের গতি আর্জেন্টিনার শক্তির বিপরীতে বড় অস্ত্র হিসেবে কাজ করবে।’
আর্জেন্টিনার রক্ষণ নিয়ে নেভিলের খোঁচা
সেমিফাইনালের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন গ্যারি নেভিলও। আর্জেন্টিনার রক্ষণভাগের দুই প্রধান স্তম্ভ ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে মজার ছলে সমালোচনা করেছেন তিনি। নেভিলের মতে, এই জুটি অবিশ্বাস্যভাবে ভালো এবং একই সঙ্গে হাস্যকর ভুল করার ক্ষমতা রাখে। তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা-খারাপ সেন্টারব্যাক জুটি বলি। একদিকে তারা দারুণভাবে বল বিপদমুক্ত করে, আবার মুহূর্তের মধ্যেই অবিশ্বাস্য ভুল করে গোল উপহার দেয়।’
সেমিফাইনালের প্রেক্ষাপট
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে থমাস টুখেলের ইংল্যান্ডের লড়াইটি হতে যাচ্ছে স্নায়ুচাপের। একদিকে মেসির জাদুকরী পারফরম্যান্স ও আর্জেন্টিনার ম্যাচ জেতার অভিজ্ঞতা, অন্যদিকে ইংল্যান্ডের গতি ও আক্রমণভাগের ধার—সব মিলিয়ে আটলান্টার এই সেমিফাইনাল এখন ফুটবল বিশ্বের প্রধান আলোচনার বিষয়। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে জো কোলের হুংকার সত্য হয়, নাকি মেসি ফের নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ইংল্যান্ডকে বিদায় জানান।
জেএস








