২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল ফ্রান্স। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি উরুর চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারছেন না।

ফিফা বিশ্বকাপের এই আসরে ফ্রান্সের হয়ে এ পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই শুরুর একাদশে ছিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডার। তবে সাম্প্রতিক অনুশীলনের সময় উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপরই তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই চোটের কারণে তাকে কমপক্ষে চার দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে প্যারাগুয়ের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

মাঝমাঠে রক্ষণ ও আক্রমণের সংযোগ তৈরির ক্ষেত্রে চুয়ামেনি কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন। তার অনুপস্থিতিতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ম্যানু কোনের শুরুর একাদশে নামার সম্ভাবনা জোরালো। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স তাদের এই অপরাজিত থাকার ধারা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এমবাপ্পে নিজেও এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং এখন পর্যন্ত ৬ গোল করে দলের আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন।

অন্যদিকে, প্যারাগুয়ে দল এখন প্রবল আত্মবিশ্বাসে ফুটছে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে তারা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। কোনো বড় টুর্নামেন্টে জার্মানির মতো দলকে হারানো প্যারাগুয়ের খেলোয়াড়দের বাড়তি প্রেরণা জোগাচ্ছে। ফলে ফ্রান্সের জন্য এই ম্যাচটি মোটেও সহজ হবে না বলে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মাঠে দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। ফ্রান্সের লক্ষ্য থাকবে চুয়ামেনির অনুপস্থিতি কাটিয়ে প্যারাগুয়ের বাধা টপকে শেষ আটের লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করা।

জেএস