প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন কীভাবে দেশে ইতিবাচক পরিবর্তন আনা যায় এবং তিনি নিজের কাজের মাধ্যমে ইতোমধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সামনে বহু বড় বড় চ্যালেঞ্জ রয়েছে এবং রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে দেশের তরুণরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছেন। ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর যে সুযোগ সৃষ্টি হয়েছে, শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে তা কাজে লাগাতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "দেশে শক্ত নেতৃত্ব প্রয়োজন। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে প্রথমেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছিলেন। দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার বিকল্প নেই, আর সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন।"
তরুণ সমাজকে দেশের মূল শক্তি হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, এ দেশের তরুণরাই ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র কায়েম করেছে। জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সংকটসহ নানা বাধা সত্ত্বেও তরুণদের অদম্য আকাঙ্ক্ষাই দেশকে সামনে এগিয়ে নেওয়ার মূল ভরসা।
বাংলাদেশ অতীতে বহুবার হোঁচট খেলেও প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এবারও সমস্ত বাধা পেরিয়ে দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান প্রমূখ।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।








