জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা, সময়ানুবর্তিতা ও আমানতদারিতার সর্বোচ্চ পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার স্থান নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এটি সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। অফিসের প্রতিটি দায়িত্বকে ইবাদতের মানসিকতা নিয়ে পালন করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজ—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি উপস্থিত সবাইকে নিজেদের দক্ষতা বৃদ্ধি, চরিত্র গঠন এবং সেবার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কেন্দ্রীয় অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

জেএস