পারফরম্যান্স বিবেচনায় মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, কারও কর্মদক্ষতায় প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হলে জনস্বার্থে প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষমতা ও সিদ্ধান্ত তাঁরই রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সরকারের ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি নিয়ে তিনিও গণমাধ্যমেই বিভিন্ন খবর দেখেছেন। এ মুহূর্তে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য তাঁর কাছে নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। সময়ের প্রয়োজন এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে যদি তিনি মনে করেন কোনো মন্ত্রণালয়ে পরিবর্তন দরকার, তাহলে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতেই পারেন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে যেকোনো সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা বিবেচনায় নেবেন। তবে সম্ভাব্য পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্তির আগে হবে নাকি পরে—এ বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয়।
তিনি জানান, সরকারের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনস্বার্থ এবং প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি। তাই প্রয়োজন দেখা দিলে দায়িত্ব বণ্টন বা নেতৃত্বে পরিবর্তনের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
ইউ

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।












