নবম পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
নবম জাতীয় পে-স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ কর্মসূচির আওতায় অন্যান্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয়েছে।’
আইএমএফের দেওয়া শর্তাবলী প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় সংস্থাটি যেসব শর্ত দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কর ব্যবস্থা সংস্কার এবং আর্থিক খাতের সার্বিক সংস্কারের বিষয়ে আইএমএফের প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব পোষণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠক সূত্র জানায়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং সংস্কারমূলক পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আইএমএফের সহায়তায় গৃহীত কর্মসূচিগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন করার ওপর জোর দিয়েছে সরকার।
বৈঠকে আইএমএফের প্রতিনিধিদল আর্থিক খাতের বিভিন্ন সূচক নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরে এবং বাংলাদেশ সরকারের নেওয়া সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আলোচনার এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও সুসংহত হবে।
জেএস

ডেসটিনি প্রতিবেদক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











